খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

১৩ নেতার পদায়ন ঘিরে রাজশাহী মহানগর যুবদলে দ্বন্দ্ব, দুই নেতার বাড়ি ঘেরাও

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
১৩ নেতার পদায়ন ঘিরে রাজশাহী মহানগর যুবদলে দ্বন্দ্ব, দুই নেতার বাড়ি ঘেরাও

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

কমিটিতে নতুন করে ১৩ জনকে পদায়ন করাকে কেন্দ্র করে রাজশাহী মহানগর যুবদলে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এর জেরে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে সংগঠনটির ‘বঞ্চিত’ নেতাকর্মীরা মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে ‘বঞ্চিত’ নেতাকর্মীরা নগরীর রাজারহাতা এলাকায় সদস্য সচিব রফিকুল ইসলাম রবির ভাড়া বাসা ঘেরাও করেন। রাত ১২টা পর্যন্ত তারা বাসার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

পরে বিক্ষোভকারীরা নগরীর ডিঙ্গাডোবা এলাকায় আহ্বায়ক শরিফুল ইসলাম জনির বাসার সামনে গিয়ে বিক্ষোভ করেন। তবে ওই সময় বাসাটি তালাবদ্ধ ছিল। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তারা ফিরে যান।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির আহ্বায়ক ছিলেন মাহফুজুর রহমান রিটন। ২০২৫ সালে তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হলে পদটি শূন্য হয়। এরপর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনিকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে তিনি আহ্বায়ক হন।

এর মধ্যে যুবদলের কয়েকজন নেতা বিএনপিতে যোগ দেওয়ায় গত ১৫ জুলাই আটজনকে নতুন করে যুগ্ম আহ্বায়ক করা হয়। শনিবার আবারও ১৩ জনকে যুবদলের বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়। বিএনপিতে যোগদান ও মৃত্যুজনিত কারণে পদ শূন্য হওয়ায় তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে যুবদলের কেন্দ্রীয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন ১৩ জনের অন্তর্ভুক্তির পর ‘বঞ্চিত’ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিকে স্বাক্ষর ক্ষমতা (সাইনিং পাওয়ার) প্রয়োগের অধিকারসহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের পদ দেওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না তারা।

রাতের বাড়ি ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া গত ১৫ জুলাই যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া নেতা আরিফুজ্জামান সোহেল বলেন, একটি সংগঠন ছেড়ে আসা নেতা সাইনিং পাওয়ারসহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। যারা মামলা, হামলা ও জেল-জুলুম সহ্য করেছেন, মহানগর কমিটিতে বড় পদ পাওয়ার যোগ্যতা তাদের রয়েছে। অথচ তাদের বঞ্চিত করা হয়েছে।

মহানগর যুবদলের সদস্য মোফাজ্জল ইসলাম শুভ বলেন, যাকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, তিনি মহানগর ছাত্রদলে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেননি। শুধু বিএনপি করার কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন। অথচ তারা মূল্যায়ন পাচ্ছেন না। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়নের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, অনেক ত্যাগী নেতা কমিটিতে স্থান পাননি। একই কমিটিতে বারবার অন্তর্ভুক্তি করা হচ্ছে। নেতাকর্মীদের আবেগ ও ক্ষোভ থাকতেই পারে। আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে। তাদের ক্ষোভ, দুঃখ ও অভিমানের কথা কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে।

অন্যদিকে, আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘স্বার্থের লোভে পদায়িত হওয়া কিংবা পদায়িত করা কোনোটিই আমার চরিত্রের সঙ্গে যায় না।’

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

চৌদ্দগ্রামে এনসিপি নেতার ব্যানার লাগাতে গিয়ে তিনতলা থেকে পড়ে যুবক আহত

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চৌদ্দগ্রামে এনসিপি নেতার ব্যানার লাগাতে গিয়ে তিনতলা থেকে পড়ে যুবক আহত

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিবের ব্যানার লাগাতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মো. হোসেন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ধোড়করা বাজারের কাজী শহীদ মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। আহত হোসেন পাশের নোয়াপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ধোড়করা বাজারের চিওড়া-ঢালুয়া সড়কের পাশে অবস্থিত কাজী শহীদ মার্কেটের তৃতীয় তলায় রশি দিয়ে এনসিপি নেতা সালাউদ্দিন খান রাজিবের একটি ব্যানার লাগানোর চেষ্টা করছিলেন হোসেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ বিষয়ে বুধবার চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাকে ঢাকার জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চলছে।’

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

মেহেরপুর সীমান্তে তিন মাসে সাড়ে ৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মেহেরপুর সীমান্তে তিন মাসে সাড়ে ৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী সীমান্তে মাত্র তিন মাসে ৫ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৬১ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে।

বিজিবির যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) গত সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রায় তিন মাসে মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালানি পণ্য আটক করে।

আটক মালামালের মধ্যে রয়েছে ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি, দুটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি। এ ছাড়া ৯৩৪ বোতল বিদেশি মদ, ৯৪০ বোতল ফেনসিডিল, ১১২ কেজি ৬০৮ গ্রাম গাঁজা, ১২ গ্রাম হেরোইন, ১১৯ পিস ইয়াবা এবং ১ লাখ ৩২ হাজার ১৩ পিস বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই অভিযানে ৯ হাজার ২৫০ কেজি সারসহ অন্যান্য চোরাচালানি পণ্য আটক করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধে টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত মতবিনিময় ও জনসচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালানসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে। সীমান্ত অপরাধ দমনে স্থানীয় জনগণ, প্রশাসন ও সাংবাদিক সমাজের সহযোগিতাও কামনা করেন তিনি।

এদিকে, বুধবার (২৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গত সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত যশোর বিজিবি রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন সীমান্তে অভিযান চালিয়ে ১৫৯ জন আসামিসহ ৯০ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ৭৭৮ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল আটক করেছে।

আটক মালামালের মধ্যে রয়েছে ৯ দশমিক ৫৩৮৮ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি, ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি, ৩ হাজার ৭০৮ বোতল বিদেশি মদ, ৮ দশমিক ৭৭১ কেজি হেরোইন, ২১৮ দশমিক ৮৯ কেজি গাঁজা, ৭৭ হাজার ৫২৮ পিস ইয়াবা, ১ হাজার ৬০৩ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২২ হাজার ৯৬২ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩ লাখ ২৭ হাজার ৯২৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট।

বিজিবি আরও জানায়, কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সাতটি ব্যাটালিয়নের সদস্যরা সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

ছবি সুনামগঞ্জ জেলা সংবাদদাতা

আমির হোসাইন । সুনামগঞ্জ জেলা সংবাদদাতা

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বেলা ২টায় তাহিরপুর বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি এইচ কে এম মুহিবুর রহমান মহিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ সামছুজ্জামান তালুকদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি হাফিজ শেখ রফিকুল ইসলাম হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কে এম মামুনুর রশীদ।

সম্মেলনে বক্তারা যুবসমাজকে ইসলামী আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথি ২০২৭-২০২৮ সেশনের জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে হাফেজ সামছুজ্জামান তালুকদার, সহ-সভাপতি হিসেবে হাফেজ কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সম্পাদক হিসেবে কে এম মাজহারুল ইসলাম মাজহারকে দায়িত্ব প্রদান করা হয়।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন এবং তাহিরপুর উপজেলার যুবসমাজকে ইসলামী মূল্যবোধে উজ্জীবিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।